
নিজেস্ব প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের ‘দিয়ার’ নামক একটি আবাদি বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মোহাম্মদ আখতারুল ইসলাম (৫০), আনারুল ইসলাম (৪৫), আশরাফুল (৪০) ও মোঃ ছাদরুল (৩৫)। তারা সকলেই মৃত আমজাদ হোসেনের পুত্র এবং একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। প্রথম পক্ষ সম্প্রতি জমিটি ক্রয় করে দখল নিতে গেলে, দ্বিতীয় পক্ষ— আব্দুর রহিম (৪০), শাহিন (৩৫), রাজিব (৩২) ও আব্দুর রহমান (২৬) (পিতা: মৃত আফজাল)— যারা পূর্বে জমিটি বন্ধক নিয়ে ভোগদখলে ছিলেন, তারা বাধা প্রদান করেন।
ঘটনার দিন সকালে প্রথম পক্ষ জমিতে কাজ করতে গেলে দ্বিতীয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ভিকটিমদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আখতারুল ইসলামের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ 























